গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলাবে—জেনে নিন বিস্তারিত

আগামী ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পাশাপাশি ভোটাররা একটি আলাদা ব্যালটে গণভোটে অংশ নেবেন। ওই ব্যালটে সংক্ষেপে মাত্র চারটি বিষয় উল্লেখ থাকবে এবং সনদ বাস্তবায়নের পক্ষে ভোটারদের সমর্থন আছে কি না—সে প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে।

Bangladesh Referendum Gonovote Yes or No


গত কয়েক দিন ধরে অন্তর্বর্তী সরকার দেশজুড়ে গণভোটকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে। শুরুতে সরকার নিরপেক্ষ অবস্থান থেকে গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিলেও, পরে সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় নামে।

এ নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,
‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে যাবে।’

সংস্কার কমিশনের প্রতিবেদন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৭টি সাংবিধানিক সংস্কার এবং বাকি ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে সরকার।

এই ৮৪টি প্রস্তাবের কিছু বিষয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে। শুরুতে পরিকল্পনা ছিল—যেসব প্রস্তাবে কোনো দলের আপত্তি থাকবে, সে দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না। তবে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত সরকার গণভোটের পথ বেছে নেয়।

গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়, তাহলে আগামী সংসদ এই ৮৪টি প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে। আর যদি ‘না’ জয়ী হয়, তাহলে জুলাই সনদ কার্যকর হবে না।

‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদকে ২৭০ দিনের (নয় মাসের) মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে, অন্তর্বর্তী সরকারের প্রণীত সংবিধান সংশোধনী বিল স্বয়ংক্রিয়ভাবে পাস হয়েছে বলে গণ্য হবে।

তবে গণভোটের ব্যালটে মাত্র চারটি বিষয় সংক্ষেপে উল্লেখ থাকায় অনেক ভোটারের পক্ষেই স্পষ্টভাবে বোঝা কঠিন—‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিলে ঠিক কোন কোন পরিবর্তন কার্যকর হবে বা হবে না।

এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ জয়ী হলে কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন আসবে বা আসবে না, তা পাঠকদের জন্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

ভাষা, জাতি ও মৌলিক সংস্কার

বর্তমান সংবিধানে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই। তবে জুলাই সনদ অনুযায়ী, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা থাকলেও দেশের অন্যান্য মাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এতদিন বাংলাদেশের নাগরিকদের পরিচয় ছিল ‘বাঙালি’ জাতি হিসেবে। সংস্কার বাস্তবায়িত হলে সেই পরিচয় বদলে হবে ‘বাংলাদেশি’।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে বর্তমানে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট, গণভোটের বাধ্যবাধকতা নেই। কিন্তু জুলাই সনদে বলা হয়েছে- সংবিধান সংশোধনের জন্য নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে।

বর্তমান সংবিধানের ৭ অনুচ্ছেদের ক ও খ অনুযায়ী সংবিধান বাতিলের সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও, জুলাই সনদে সেই বিধান বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে।

এখনকার সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের মূলনীতি। কিন্তু জুলাই সনদ কার্যকর হলে নতুন মূলনীতি হবে— সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি।

বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা থাকলেও, জুলাই সনদে আরও স্পষ্ট করে বলা হয়েছে— সব ধর্ম ও সম্প্রদায়ের সহাবস্থান এবং সমান মর্যাদা নিশ্চিত করা হবে।

এছাড়া বর্তমানে সংবিধানে ২২টি মৌলিক অধিকার থাকলেও, জুলাই সনদে নতুন করে যুক্ত হচ্ছে—
নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের অধিকার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার নিশ্চয়তা।

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী: ক্ষমতার পুনর্বিন্যাস ও ভারসাম্য

বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী স্বাক্ষর করলেই জরুরি অবস্থা জারি করা যায়, যার ফলে মৌলিক অধিকার স্থগিত হতে পারে। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে—
জরুরি অবস্থা জারির জন্য মন্ত্রিসভার অনুমোদন লাগবে, এবং সেই বৈঠকে বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি বাধ্যতামূলক হবে। একই সঙ্গে জরুরি অবস্থাতেও ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার খর্ব করা যাবে না।

বর্তমানে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জুলাই সনদ বাস্তবায়িত হলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটে ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এখন রাষ্ট্রপতি নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। তবে জুলাই সনদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন। এই প্রস্তাবে বিএনপি ভিন্নমত জানিয়েছে।

রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষেত্রে বর্তমানে সংসদের এক কক্ষের দুই-তৃতীয়াংশ ভোট যথেষ্ট। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে- রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ ভোট লাগবে। আগে সরকার চাইলে রাষ্ট্রপতি যেকোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন। জুলাই সনদে বলা হয়েছে- শুধুমাত্র ভুক্তভোগী ব্যক্তি বা পরিবারের সম্মতি থাকলেই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ২০০৮ সালের পর চারবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারিত ছিল না। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে- একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর বা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

এছাড়া বর্তমানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন না। এই প্রস্তাবের বিরুদ্ধেও বিএনপিসহ পাঁচটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।

সংসদ,নির্বাচন ও সরকার ব্যবস্থায় পরিবর্তন

বাংলাদেশের বর্তমান সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিধান নেই। তবে জুলাই সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। সনদ অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ তত্ত্বাবধায়ক সরকারের সদস্য নিয়োগে সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা হবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষবিশিষ্ট হলেও, জুলাই সনদে প্রথমবারের মতো দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষে থাকবে ১০০ জন সদস্য, যাদের আসন বণ্টন হবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।

বর্তমানে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। জুলাই সনদে ধাপে ধাপে এই সংখ্যা ১০০-তে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে।

এখন পর্যন্ত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন। জুলাই সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে- বাজেট ও আস্থাবিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

এর আগে বিদেশি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চুক্তিতে সংসদের অনুমোদন বাধ্যতামূলক ছিল না। জুলাই সনদে বলা হয়েছে- রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষের অনুমোদন নিতে হবে।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও, জুলাই সনদ কার্যকর হলে ইসির সঙ্গে বিশেষজ্ঞ কমিটি যৌথভাবে এই দায়িত্ব পালন করবে।

এর আগে বিভিন্ন সময় নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও সেটির নিয়ন্ত্রণ ছিল মূলত প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদ অনুযায়ী, স্পিকারের সভাপতিত্বে ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে), প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন গঠন করবে।

আইন ও বিচার ব্যবস্থায় প্রস্তাবিত পরিবর্তন

জুলাই সনদ বাস্তবায়িত হলে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ সংশোধন করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি যেকোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। কিন্তু জুলাই সনদ অনুযায়ী, প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে।

বিদ্যমান সংবিধানে আপিল বিভাগের বিচারক সংখ্যা নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকলেও, জুলাই সনদে বলা হয়েছে- প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারিত হবে।

আগে হাইকোর্টের বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকলেও, জুলাই সনদ অনুযায়ী এই দায়িত্ব প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিশনের হাতে ন্যস্ত হবে। এছাড়া জুলাই সনদে আরও যেসব বিষয় যুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে—
  • বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা
  • প্রতিটি বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা
  • নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা

সংবিধানে ন্যায়পালের বিধান থাকলেও এখনো কখনো নিয়োগ হয়নি। জুলাই সনদ অনুযায়ী, স্পিকারের সভাপতিত্বে সাত সদস্যের একটি কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে, যেখানে বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিরাও থাকবেন।

একইভাবে সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিরোধী দলের অংশগ্রহণে পৃথক কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। যদিও এসব প্রস্তাবে বিএনপিসহ সাতটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।

বর্তমান আইনে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধে স্পষ্ট কোনো ব্যবস্থা না থাকলেও, জুলাই সনদে সেই বিধান যুক্ত করা হয়েছে।

আইন সংশোধনে সংস্কার হবে ৩৭টি

৪৭টি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে ৩৭টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে সেগুলো সংশোধন করা যাবে 'আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে।

আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটিসমূহ ও সদস্যদের বিশেষ অধিকার, অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুন:নির্ধারণে আইন প্রণয়ন, বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি, সাবেক বিচারপতিদের জন্য অবশ্য পালনীয় আচরণবিধি, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর, বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ, আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজ করা, আইনজীবীদের আচরণবিধি সংক্রান্ত বিষয় রাখা হয়েছে 'আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের জন্য।

এছাড়া জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (সাধারণ), সরকারি কর্ম কমিশন (শিক্ষা) এবং সরকারি কর্ম কমিশন (স্বাস্থ্য) গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠন করার কথাও বলা হয়েছে জুলাই সনদে।

১২ই ফেব্রুয়ারির গণভোটের প্রশ্নের এসবের কিছুই উল্লেখ থাকবে না। সেখানে মাত্র ছোট ছোট চারটি পয়েন্টের কথা উল্লেখ করে ভোটারদের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট গ্রহণ করা হবে।

গণভোট ও জুলাই সনদ: বাস্তব প্রভাব কী হতে পারে?

ভোটারদের জন্য কেন বিষয়টি গুরুত্বপূর্ণ

গণভোটে ব্যালটে মাত্র চারটি সংক্ষিপ্ত পয়েন্ট থাকলেও বাস্তবে এর মাধ্যমে রাষ্ট্রের কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ, ভোটাররা শুধু একটি প্রস্তাবে ভোট দিচ্ছেন না, তারা ভোট দিচ্ছেন সংবিধান, সরকার ব্যবস্থা, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার দীর্ঘমেয়াদি রূপের পক্ষে বা বিপক্ষে।

সংসদীয় গণতন্ত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে

দ্বিকক্ষ সংসদ: ক্ষমতার নতুন ভারসাম্য

দ্বিকক্ষ সংসদ চালু হলে আইন প্রণয়নে একক সংখ্যাগরিষ্ঠতার আধিপত্য কমবে। উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হওয়ায়, ছোট দল ও সংখ্যালঘু রাজনৈতিক শক্তির কণ্ঠস্বর জোরদার হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি একদিকে আইন প্রণয়নে গতি কমাতে পারে, অন্যদিকে হঠকারী আইন পাস রোধে কার্যকর চেক অ্যান্ড ব্যালান্স হিসেবে কাজ করতে পারে।

তত্ত্বাবধায়ক সরকার: নির্বাচন বিশ্বাসযোগ্য হবে কি?

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর একটি।
সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে—
  • নির্বাচন কমিশনের ওপর চাপ কমতে পারে
  • ভোট গ্রহণ প্রক্রিয়ায় আস্থার সংকট কিছুটা হলেও হ্রাস পেতে পারে
  • তবে সমালোচকদের মতে, এই ব্যবস্থায় রাজনৈতিক অচলাবস্থার ঝুঁকিও থেকে যায়।

এমপিদের স্বাধীন ভোট: সংসদ কি শক্তিশালী হবে?

বাজেট ও আস্থাবিল ছাড়া অন্য বিষয়ে এমপিদের স্বাধীন ভোটের সুযোগ দিলে সংসদ আরও কার্যকর বিতর্কের কেন্দ্র হতে পারে। এর ফলে—
  • দলীয় হুইপের বাইরে গিয়ে আইন নিয়ে আলোচনা সম্ভব হবে
  • সংসদীয় কমিটির গুরুত্ব বাড়বে
  • তবে দলীয় শৃঙ্খলা দুর্বল হওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ।

বিচার বিভাগের স্বাধীনতা: কাগজে না বাস্তবে?

জুলাই সনদে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও, বাস্তবে এটি কার্যকর হবে কিনা তা নির্ভর করবে—
  • বিচারক নিয়োগ কমিশনের স্বচ্ছতা
  • সরকারের নির্বাহী হস্তক্ষেপ থেকে বাস্তব দূরত্ব
  • আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার বাস্তব প্রয়োগের ওপর
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হলে বিচার বিভাগ প্রথমবারের মতো নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে আলাদা হতে পারে, এমনটাই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের ভূমিকা

নির্বাচন কমিশন, ন্যায়পাল, দুদক ও পিএসসি নিয়োগে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত হলে এসব প্রতিষ্ঠান আরও বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ হতে পারে। তবে বিএনপিসহ একাধিক দলের নোট অব ডিসেন্ট ইঙ্গিত দিচ্ছে—এই ঐকমত্য এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়।

৩৭টি আইনগত সংস্কার: নীরব কিন্তু প্রভাবশালী

সাংবিধানিক সংস্কারের বাইরে থাকা ৩৭টি আইনগত সংস্কার তুলনামূলক কম আলোচিত হলেও, দৈনন্দিন প্রশাসন ও বিচার ব্যবস্থায় এগুলোর প্রভাব হবে সরাসরি।
বিশেষ করে—
  • ডিজিটাল আদালত
  • স্বতন্ত্র তদন্ত সার্ভিস
  • জনপ্রশাসন সংস্কার কমিশন
এসব বাস্তবায়িত হলে রাষ্ট্রের কার্যকারিতা ও জবাবদিহি বাড়তে পারে।

শেষ কথা: ‘হ্যাঁ’ না ‘না’—একটি ভোট, বহু ফলাফল

১২ ফেব্রুয়ারির গণভোটে ভোটাররা যে সিদ্ধান্ত নেবেন, তা শুধু বর্তমান সরকারের জন্য নয়—
পরবর্তী বহু সরকারের জন্য বাধ্যতামূলক কাঠামো তৈরি করবে।

‘হ্যাঁ’ জয় মানে—
✔ সংবিধান সংস্কারে বাধ্যতামূলক রোডম্যাপ
✔ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের চাপ
✔ রাজনৈতিক ঐকমত্যের বাইরে গিয়ে গণরায়ের প্রতিফলন

আর ‘না’ জয় মানে—
✖ জুলাই সনদের পুরো কাঠামো বাতিল
✖ বিদ্যমান সংবিধান ও ব্যবস্থার ধারাবাহিকতা

Post a Comment

Previous Post Next Post